মেঘলা থাকবে ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা

মেঘলা থাকবে ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ সময়ের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি এবং সর্বোচ্চ ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নৌযানগুলোকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার রাতে প্রকাশিত আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশেই কমবেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad