বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদের পরিবারের সদস্য ও আহতরা।
শনিবার সন্ধ্যায় তারা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চ্যুয়ালি সাক্ষাৎ করেন এবং আন্দোলনের চেতনা বাস্তবায়নে দলের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় জানান।
বৈঠকে শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন ও জুলাই ঘোষণাপত্র পাঠকারী সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহম্মেদ শান্তর বাবা জাকির হোসেন ও জুলাই আন্দোলনে আহত ফারহান জামিল উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং সাম্প্রতিক সময়ে বিএনপিতে যোগ দেওয়া শহীদ মীর মুগ্ধের ছোট ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন।


