বিজয়ের মাস ডিসেম্বরে দেশজুড়ে দুই সপ্তাহব্যাপী বিজয় মশাল রোড শো’ করবে বিএনপি। শনিবার সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই কর্মসুচির মধ্যে আরও রয়েছে আলোচনাসভা ও সমাবেশ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান পরিদর্শন, জাতীয় সংগীত, মুক্তিযুদ্ধের গান ও দেশাত্মবোধক গান পরিবেশন, স্বাধীনতার ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের নির্বাচিত অংশ প্রচার, জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তথ্যচিত্র প্রদর্শন।
বিএনপির এই পুরো আয়োজনের থিম সং- ‘সবার আগে বাংলাদেশ’।
মির্জা ফখরুল জানান, জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। তাই ঐতিহাসিক কালুরঘাট বেতারকেন্দ্র থেকেই শুরু হবে এবারে বিএনপির ‘বিজয় মাস’ উদযাপন কর্মসূচি। ডিসেম্বরের প্রথমদিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে ও সেদিনই চট্টগ্রামের বিপ্লব উদ্যানে গিয়ে পৌঁছাবে। মশাল বহন করবেন একজন মুক্তিযোদ্ধা ও ২০২৪ সালের একজন জুলাইযোদ্ধা।
পরে পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুরে বিজয় মশাল রোড শো ও সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশের সব বিভাগ ঘুরে বিজয় মশাল সবশেষে ১৬ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে। একইদিন ঢাকার মানিক মিয়া এভিনিউতে মহাসমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’।


