গত ১২ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় বাহরাইনে পোস্টাল ব্যালট-সম্পর্কিত একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নির্বাচন কমিশনের (ইসি) নজরে এসেছে। বুধবার ইসির উপপরিচালক মো. মামুন অর রশিদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি বাহরাইনে কয়েকজন প্রবাসী ভোটার কর্মস্থলে থাকাকালীন বাহরাইন পোস্ট কর্তৃক তাদের ব্যালট খাম বিতরণের জন্য যোগাযোগ করা হলে তারা একই এলাকায় বসবাসরত সহকর্মীর কাছে তা হস্তান্তরের অনুরোধ করেন।
পরবর্তীতে, পোস্টম্যান ওই ব্যক্তি কে একই এলাকায় বসবাসকারী ১৬০টি ব্যালট খাম হস্তান্তর করেন। ভোটারদের কাছে খাম হস্তান্তরের প্রক্রিয়া চলাকালীন এই ভিডিও ধারণ করা হয় বলে দাবি করা হয়।
এই বিষয়টি বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের নজরে আসলে, দ্রুত বাহরাইন পোস্ট ও সংশ্লিষ্ট বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হয়। ১২৯টি অবিলম্বে বিতরণযোগ্য খামসহ সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাসে হাজির হয়ে বিতরণের জন্য সহায়তা চেয়েছেন।
দূতাবাসের নির্দেশনায়, বাহরাইন পোস্ট খামগুলো ফেরত নিয়ে সংশ্লিষ্ট ভোটারদের কাছে আলাদাভাবে বিতরণের ব্যবস্থা গ্রহণ করবে। এই ঘটনায়, কোনো ভোটারই খাম খোলেনি এবং তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হয়নি।
এতে আর দাবি করা হয়, ইসি পোস্টাল ভোটিং কার্যক্রমের শুরু থেকেই নিবন্ধিত ভোটারদের ব্যালট প্রাপ্তি, ভোটাধিকার প্রয়োগসহ অন্যান্য বিষয়গুলোতে গোপনীয়তা রক্ষা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালিয়ে আসছে। এ ছাড়া, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সব দূতাবাসকে সংশ্লিষ্ট পক্ষদের সঙ্গে সমন্বয় করতে অনুরোধ জানানো হয়েছে।


