নিজের বাবা মির্জা রুহুল আমিনকে নিয়ে ‘মিথ্যাচারে’ ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘদিন ধরেই মির্জা রুহুল আমিন মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিলেন বলে প্রচার রয়েছে। বিগত আওয়ামী লীগ আমলে একজন প্রতিমন্ত্রী যুদ্ধাপরাধীদের তালিকায় মির্জা রুহুল আমিনের নাম ছিলো বলেও দাবি করেন।
সোমবার নিজের ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ‘মিথ্যাচারের’ জবাব দেন। তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় তার বাবা পরিবারের সবাইকে নিয়ে ভারতের ইসলামপুরে শরণার্থী শিবিরে কাটিয়েছেন। ডিসেম্বরের ৩ তারিখে ঠাকুরগাঁও মুক্ত হলে তিনি দেশে ফিরে আসেন। গত ৫৪ বছরে বাবার নামে কোথাও কোনও মামলা হয়নি বলেও জানান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, মূলত আওয়ামী লীগ আমলে তার বাবা মির্জা রুহুল আমিন সম্পর্কে মিথ্যাচার শুরু হয়েছে।
প্রসঙ্গত, স্বাধীনতার আগে মুসলিম লীগের নেতা হিসাবে মির্জা রুহুল আমিন দুইবার পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর ১৯৭৯ সালে ও ১৯৮৮ সালে সংসদ সদস্য হয়েছিলেন। এরশাদ সরকারের মন্ত্রিসভারও সদস্য ছিলেন মির্জা রুহুল আমিন।



