‘বাচ্চা ছেলেদের দল’ শর্ত দিয়ে ঐক্য চায় মন্তব্য করেছেনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করে তিনি বলেন, ‘বাচ্চা ছেলেদের একটা দল আছে। ওদের বলেছি, তোমরা কি আমাদের ঐক্যের প্ল্যাটফর্মে নির্বাচনে আসবে? তারা বলল আসবে, তবে শর্ত আছে। বাপরে বাপ, কত বড় দল; তার আবার শর্ত।’
বুধবার দুপুরে ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘ওই তরুণরা দাবি করেছে সংস্কার হলে তারা ঐক্যে যোগ দেবে। তবে তাদের কাছে যখন সংস্কারের ব্যাখ্যা জানতে চাওয়া হয়, তারা তা পরিষ্কারভাবে বলতে পারেনি।’
তার ভাষায়, বলার জন্য বলা, কথার জন্য কথা; সংস্কার বলছে, কিন্তু বলতে পারে না।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।
মির্জা আব্বাস বক্তব্যে বলেন, ‘তারেক রহমান খুব শিগগির দেশে ফিরে নতুন ভাবনা নিয়ে দলের হাল ধরবেন এবং মানুষের পাশে দাঁড়াবেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের গর্ব হওয়া উচিত–আমরা তারেক রহমানের মতো নেতার সঙ্গে রাজনীতি করছি।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এখন খালেদা জিয়া গোটা জাতির অভিভাবকে পরিণত হয়েছেন।’
তার ভাষায়, ‘উনি শুধু আমাদের নেত্রী নন, সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে। আল্লাহ চাইলে আবার তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দলমত নির্বিশেষে মানুষ দোয়া করছে।’
একই সঙ্গে তিনি অতীত স্মরণ করে বলেন, ‘জিয়াউর রহমান ও খালেদা জিয়া দুজনই দেশের মানুষের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন।’
জিয়াউর রহমানের সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে মির্জা আব্বাস বলেন, ‘তিনি কখনো ঘোষণা না দিয়েও বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার এনেছিলেন।’
তিনি বলেন, ‘জিয়ার কোনো দফা ছিল না, তবুও তিনি গার্মেন্টসসহ বিভিন্ন খাতে বিশাল সংস্কার করেছিলেন। ইতিহাস তা সাক্ষ্য দিয়ে যাবে।’
অনুষ্ঠানে নেতারা বলেন, ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির মাধ্যমে বিএনপি নতুন প্রজন্মকে অন্তর্ভুক্ত করে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের রূপরেখা এগিয়ে নিতে চায়।


