মালদ্বীপে বাংলাদেশি কমিউনিটির ‘সফট পাওয়ার’ ও শিক্ষা-কূটনীতির ইতিবাচক ভূমিকা তুলে ধরে বাংলাদেশের হাইকমিশনার মো নাজমুল ইসলাম বলেছেন, মূল্যবোধ, মানবিকতা, আস্থা ও তার প্রবর্তিত ধারণা ‘পাওয়ার অব বন্ডিং’-এই চারটি উপাদান দুই দেশের সম্পর্কে নতুন উচ্চতা যোগ করছে।
সম্প্রতি মালেতে আয়োজিত মিয়ানজ কলেজের কনভোকেশন ২০২৫–এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল রঈহান হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা সহযোগিতা, বৃত্তি, শিক্ষক বিনিময়, প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব ও যুব উন্নয়ন কর্মসূচি আরও সম্প্রসারণের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্তও করেন তিনি।
নতুন স্নাতক, শিক্ষাবিদ, শিক্ষক-শিক্ষিকা, পরিবারবর্গ ও অতিথিদের অংশগ্রহণে সমাবর্তন অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
নতুন স্নাতকদের অভিনন্দন জানিয়ে হাইকমিশনার বলেন, মাত্র ১৯ জন শিক্ষার্থী দিয়ে যাত্রা শুরু করে মিয়ানজ কলেজ ২০২৫ সালেই ১৫ হাজারের বেশি স্নাতক তৈরি করেছে, যা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, ব্যবস্থাপনা ও দূরদর্শী নেতৃত্বের সাফল্যকে প্রতিফলিত করে। এ প্রসঙ্গে তিনি কলেজের প্রতিষ্ঠাতা, বাংলাদেশি শিক্ষাবিদ ও উদ্যোক্তা আহমদ মোত্তাকির অবদান বিশেষভাবে উল্লেখ করেন।
তিনি বলেন, তার নেতৃত্বে গড়ে ওঠা এ প্রতিষ্ঠান শুধু মালদ্বীপেই নয়, বাংলাদেশ–মালদ্বীপ বন্ধুত্বের একটি বাস্তব মডেল হিসেবে কাজ করছে এবং দুই দেশের সফট পাওয়ার ও জন–সংযোগকে আরও শক্তিশালী করছে।
হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক গড়ে উঠেছে অভিন্ন মূল্যবোধ, সাংস্কৃতিক বন্ধন, সামুদ্রিক ইতিহাস ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। সাম্প্রতিক সময়ে দুই দেশের একাডেমিক সহযোগিতা আরও জোরদার হয়েছে।
তিনি জানান, এ বছরই বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে প্রায় ১০০ জন মালদ্বীপের মেডিকেল গ্র্যাজুয়েটের ইন্টার্নশিপ সুবিধা নিশ্চিত হয়েছে, যা শিক্ষা সহযোগিতার সম্প্রসারণকে আরও গতিশীল করেছে। বক্তব্যে তিনি ‘সফট পাওয়ার’ এবং তার প্রবর্তিত ‘পাওয়ার অব বন্ডিং’ ধারণার দৃষ্টান্তও তুলে ধরেন।
স্নাতকদের উদ্দেশে তিনি বলেন, ডিগ্রি সুযোগ সৃষ্টি করে, কিন্তু মূল্যবোধ সাফল্যের স্থায়িত্ব নিশ্চিত করে। সত্যিকারের নেতৃত্বের ভিত্তি হলো বিনয় আর জ্ঞান তখনই অর্থবহ হয় যখন তা সমাজ ও মানুষের কল্যাণে ব্যবহার করা যায়।


