বাংলাদেশে ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক দিন। দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ এবার মাইকো-এর সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল, পুরো মৌসুম জুড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।
এই উদ্যোগের ফলে বাংলাদেশি দর্শকরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগের ৩৮০টি ম্যাচই দেখতে পারবেন একেবারে লাইভ সম্প্রচারে। শুধু তাই নয়, ম্যাচগুলো দেখা যাবে হাই-ডেফিনিশন কোয়ালিটিতে, যা নিশ্চিত করবে মাঠের উত্তেজনা ও রঙিন আবহকে একদম ঘরে বসে উপভোগ করার সুযোগ।
১৭ আগস্ট রবিবারে ঢাকার পাঁচ তারকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই ঘোষণা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ফুটবল অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন এবং সহ-সভাপতি ফাহাদ করিম ছিলেন বিশেষ অতিথি। আয়োজনের ভেন্যু পার্টনার ছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেল, আর এই অনুষ্ঠানেই হয়ে গেল মৌসুমের প্রথম ওয়াচ পার্টি।
ফুটবলপ্রেমীরা আগস্ট থেকে শুরু করে মৌসুমজুড়ে প্রতিটি ম্যাচ লাইভ দেখতে পারবেন বঙ্গের মাধ্যমে। থাকছে তিন ধরনের সাবস্ক্রিপশন অপশন। পুরো মৌসুমের জন্য সিজন পাসের মূল্য ৬৫০ টাকা। যারা মাসিক ভিত্তিতে দেখতে চান, তাদের জন্য রয়েছে মাত্র ১১০ টাকার মাসিক প্যাক। আবার যেকোনো নির্দিষ্ট দিনে খেলা দেখতে চাইলে মাত্র ২৫ টাকার ডেইলি পাসে দেখা যাবে।
বঙ্গর সহ-প্রতিষ্ঠাতা ফায়াজ তাহের নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,’নব্বইয়ের দশকে টিভিতে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখে বড় হয়েছি আমি। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা আমাকে ফুটবলের প্রেমে ফেলেছিল। আজ সেই একই উত্তেজনা আবার বাংলাদেশে ফিরছে। আমাদের উদ্দেশ্য তরুণ প্রজন্মকে বিশ্বের সেরা ফুটবল দেখার সুযোগ করে দেওয়া। তারা খেলা দেখুক, শিখুক এবং মাঠেও নামুক। খুব শিগগিরই আমরা ফ্যান্টাসি লিগও নিয়ে আসছি, সেটার ঘোষণাও সামনে আসবে।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগের দর্শক সংখ্যা গোটা বিশ্বে ৪.৫ বিলিয়ন। প্রায় বিশ্বের অর্ধেক মানুষ এই লিগ দেখে। আজ বাংলাদেশও সেই বৈশ্বিক কমিউনিটির অংশ হতে পারছে, এটা নিঃসন্দেহে বড় পাওয়া। আমি ধন্যবাদ জানাই বঙ্গ ও মাইকোকে। তারা শুধু সম্প্রচারের সুযোগই দেয়নি, খেলার আলাপ-আলোচনার জায়গাটাও খুলে দিয়েছে। এতে করে বাংলাদেশের ফুটবল ভক্তরা আন্তর্জাতিকভাবে আরও বেশি সংযুক্ত হবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা ইতিমধ্যেই দেখেছি মেয়েরা ফুটবলে ছেলেদের চেয়ে ভালো করছে এবং দেশকে প্রতিনিধিত্ব করছে। এখন এমন একটি প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব ফুটবল কমিউনিটিতে পরিচিত করা সম্ভব হবে যে, আমরা সত্যিই ফুটবল-পাগল একটি জাতি।’
বর্তমান সময়ে তথ্যনির্ভর ফুটবলের যুগ আর এ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে তাবিথ আউয়াল বলেছেন ‘আমরা খেলোয়াড়দের তথ্য আন্তর্জাতিক ফুটবল ওয়েবসাইট যেমন ট্রান্সফারমার্কেট এসব জায়গায় দেবার ব্যবস্থা করছি এবং একই সাথে ডাটা নিয়ে কাজ করার জন্য বেশ কিছু সফটওয়্যারের সাহায্য নিচ্ছি যা আমাদের খেলোয়াড়দের সামর্থ্য অনুযায়ী বড় ইউরোপীয় দেশগুলোর দ্বিতীয় বা তৃতীয় সারির দলে ডাক এনে দিতে পারে।’
বাফুফে সহসভাপতি ফাহাদ করিম আশা প্রকাশ করে বলেন, ‘আমি চাইব বঙ্গ ভবিষ্যতে বাংলাদেশ দলের ম্যাচ সম্প্রচারেরও সুযোগ তৈরি করুক। খেলার পাশাপাশি এনালিটিক্যাল ডেটা ও তথ্যভিত্তিক কনটেন্ট থাকলে দর্শকরা খেলা নিয়ে আরও বেশি আগ্রহী হবে।’
বাংলাদেশ ফুটবল ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিত কাজিম মন্তব্য করেন,’আজকের এই আয়োজন আসলে বাংলাদেশের ফুটবলের প্রতি মানুষের আগ্রহের প্রমাণ। খেলোয়াড়রা এখন প্রস্তুতিতে ব্যস্ত, তাই তাদের আনা যায়নি। তবে বিষয়টা আমাদের জন্য ইতিবাচক। মাঠের পাশাপাশি ডিজিটাল এক্সেসও সমান গুরুত্বপূর্ণ। আমি চাইব বঙ্গ বাফুফের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের ম্যাচও দেখাক, যাতে পৃথিবীর যেকোনো প্রান্তে বসে একজন প্রবাসীও বাংলাদেশের খেলা উপভোগ করতে পারে।’
বঙ্গ ও মাইকোর এই যৌথ উদ্যোগ বাংলাদেশের স্পোর্টস স্ট্রিমিংয়ের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করল। শেষ মুহূর্তের নাটকীয় গোল থেকে শুরু করে দারুণ সব সেলিব্রেশন, বাংলাদেশি ভক্তরা আর কোনো মুহূর্ত মিস করবেন না। ২০২৫/২৬ মৌসুমের প্রতিটি ম্যাচ এখন হবে হাতের নাগালে, যেকোনো সময়, যেকোনো জায়গায়।


