ঝিনাইদহে বহুতল ভবনে কাজের সময় পড়ে গিয়ে তৈয়ব আলী (৪৪) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে আক্তার ফার্মেসি মার্কেটে রঙয়ের কাজের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৈয়ব আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুজন শ্রমিক ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় দড়ির মই ঝুলিয়ে রঙের কাজ করছিল। ভবনের তৃতীয় তলার মাত্র দেড় ফিট দূরে ওজোপাডিকোর হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইন চলে গেছে। ঘামে ভেজা গায়ে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় তৈয়ব আলী।
এ সময় আশপাশের দোকানে কাজ করা কয়েকজন ছুটে এসে চার তলার ছাদ থেকে রঙের বালতির দড়ি দিয়ে তাকে ওপরে তোলার চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে তৈয়ব আলী আবারও নিচে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় তার মাথা ফেটে রক্তপাত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম আশরাফুজ্জামান সজীব বলেন, ‘তৈয়ব আলীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, ‘বহুতল ভবনে কাজের সময় একজন রংমিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও পড়ে গিয়ে মৃত্যুর তথ্য পেয়েছি। পরিবার থেকে কোনো অভিযোগ এখনো জানানো হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


