গত বছরের চেয়ে বর্গফুট প্রতি দুই টাকা বাড়িয়ে এ বছর কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার সচিবালয়ে কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী জানান, ঢাকায় গরুর লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে মানভেদে ৬২ থেকে ৬৭ টাকা। অন্যদিকে ঢাকার বাইরে এ দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা থেকে ৬২ টাকা। গত বছর চামড়ার দাম ছিল ঢাকায় ৬০ থেকে ৬৫ টাকা ও ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা।
এ বছর ঢাকাসহ সারা দেশে খাসির লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুটের দাম ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির ক্ষেত্রে ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, কোরবানির চামড়া সংরক্ষণের জন্য এবছর ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে দেয়া হবে। সারাদেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ী, মসজিদ ও মাদরাসার মাধ্যমে চামড়া সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কোনো চামড়া যেন নষ্ট না হয়, সরকার সে লক্ষ্যে কাজ করছে। এজন্য জেলা ও উপজেলা প্রশাসন প্রত্যেক মসজিদ ও মাদরাসার সংশ্লিষ্টদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।


