বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কসবা নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় নিহতরা হলেন, ঢাকার নিউমার্কেট এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৭) ও বরিশাল নগরীর বাসিন্দা মাইক্রোবাস চালক মো. রিপন।
আহতরা হলেন- ঢাকার খিলখেত এলাকার মো. মনিরুজ্জামান (৪০), মুরাদপুরের নুরুজ্জামান (৪২) ও বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০)।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খুলনাগামী ‘টেকেরহাট এক্সপ্রেস’ নামের বাসের সঙ্গে বরিশালগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে, মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ ৫ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা। এদের মধ্যে মাইক্রোবাস চালকসহ ২ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা কবলিত যান দুটি মহাসড়ক থেকে সরিয়ে জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


