বরিশাল নগরে বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ফ্ল্যাটটি ভুক্তভোগী তরুণীর প্রেমিকের বলে জানা গেছে। এ ঘটনার পর প্রেমিক যুবক পলাতক।
বৃহস্পতিবার বিকালে শহরের বগুড়া রোডের রাফি মঞ্জিলের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম।
নিহতের নাম সাজনিদা কবির আনিকা। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পেগাসিয়া গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য মহসিন কবিরের মেয়ে। তরুণীর প্রেমিকের নাম মইনুল ইসলাম হিমু (৩০)। তিনি ঝালকাঠির কাটপট্টির মিল্টন আকনের ছেলে।
পুলিশ এবং বিভিন্ন সূত্র জানিয়েছে, আনিকার সঙ্গে মইনুল ইসলাম হিমুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সানজিদা মাঝে মঝ্যেই হিমুর বরিশালের ওই বাসায় আসা-যাওয়া করতেন। রাফি মঞ্জিলের ষষ্ঠ তলার ফ্ল্যাটটিতে হিমুর বৃদ্ধ মাও বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মেয়েটি হিমুর বাসায় আসেন। বেলা ৩টার দিকে থানায় খবর যায় হিমু তার প্রেমিকাকে হত্যা করে পালিয়ে গেছেন। এ ঘটনার পর হিমুর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিজেদের মধ্যকার সম্পর্কের তিক্ততা নিয়ে তরুণীকে হত্যা করা হতে পারে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন উল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। মইনুলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।’


