বরগুনায় খাল থেকে মো. শামীম বেপারী (৪০) নামের এক গরু ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদরের গৌরীচন্না বাজারসংলগ্ন ব্রিজের পশ্চিম পাশের খাল থেকে কচুরিপানার মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে খালের পাশে একটি রক্তমাখা জামা ও জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। পরে শামীমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে তারা। শামীমের স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।
নিহত শামীমের বাবা মনসুর আলী বেপারী জানান, রোববার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে গৌরীচন্না বাজারে যান শামীম। এরপর রাত ১১টা থেকে তার মুঠোফোন বন্ধ পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। কী কারণে তার ছেলেকে হত্যা করা হয়েছে এ বিষয়ে কিছুই জানেন না তিনি।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, মরদেহ সুরতহাল শেষে মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উদঘাটনে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি আলাদা তদন্ত শুরু করেছে পুলিশ।


