পাকিস্তানি বোলারদের দাপটে তখন ধুঁকছে বাংলাদেশ। শুক্রবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের দেয়া ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশে ২৭ রানে হারিয়েছে ৩ উইকেট। এরপরই সন্ধ্যা ৭টা ২১ মিনিটে বিদ্যুৎ চমকের পর বজ্রপাত হয় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আকাশে। দুই অনফিল্ড আম্পায়ার আদ্রিয়েন হোল্ডস্টক আর তানভীর আহমেদ সিদ্ধান্তে বন্ধ করা হয় ম্যাচ।
যদিও পাকিস্তানি ক্রিকেটাররা মাঠ ছাড়তে চাচ্ছিলেন না, মোমেন্টাম নিজেদের পক্ষে রাখতে। তবে নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে ম্যাচ বন্ধ করে দেন দুই আম্পায়ার। এরপর সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে শুরু হয় শিলাবৃষ্টি। গ্যালারিতে থাকা দর্শকরা আশ্রয় নেন ছাদের নিচে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কভারে ঢেকে রাখা হয়েছে মিরপুর স্টেডিয়ামের সব উইকেট, সাথে স্পন্সরের ব্যানার।
টসে হেরে ব্যাট করতে নেমে মাজ সাদাকাতের ৭৫, সালমান আগার ৬৪ ও মোহাম্মদ রিজওয়ানের ৪৪ রানে ভর করে ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অল আউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শাহীন শাহ আফ্রিদির শিকার হন আগের ম্যাচে ফিফটি করা তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। সাইফ হাসানের উইকেট পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম।
এই দুই পেসারের তোপে ১৫ রানেই প্রথম তিন উইকেট পড়ে বাংলাদেশের। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৫.৩ ওভার ব্যাট করে ৩ উইকেটে ২৭ রান করেছে বাংলাদেশ।


