চট্টগ্রামের পতেঙ্গা-লালখান বাজার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দিলে সামিয়া জাহান তানিসা (২১) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকায় এক্সপ্রেসওয়ের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত সামিয়া জাহান তানিসা চট্টগ্রামের হাজেরা-তজু ডিগ্রি কলেজের স্নাতক (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পরিচয়পত্রের মাধ্যমে পুলিশ তার পরিচয় নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতির একটি প্রাইভেটকার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং একটি চাকা ও বাম্পার বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানিসা ও গাড়িতে থাকা এক যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগে তানিসার মৃত্যু হয়। আহত যুবক বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে।


