আগামীতে কমন সাবজেক্টের পরীক্ষাগুলোতে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নিচ্ছি। এর ধারাবাহিকতায় পরবর্তীতে মাদ্রাসা ও কারিগরিতেও অভিন্ন প্রশ্ন পদ্ধতি চালু করা হবে।’
মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে তিনি বলেন, দেশে মাদ্রাসা পরিদর্শকের সংখ্যা অপ্রতুল হওয়ায় নিয়মিত তদারকি করা সম্ভব হয় না। এজন্য মাদ্রাসা বোর্ডগুলোকে অন্যান্য সাধারণ বোর্ডের সঙ্গে সমন্বয় করে পরিদর্শন বাড়াতে হবে।
আসন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস নিয়ে কেউ গুজব ছড়ালে কোনো ছাড় দেওয়া হবে না। যারা সামাজিক যোগাযোগমাধ্যমে বা অন্য কোথাও গুজব ছড়াবেন কিংবা বিরূপ মন্তব্য করবেন, পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং আটক করবে।
সভার শুরুতে শিক্ষামন্ত্রী বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ফলাফল বিষয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের মতামত শোনেন। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


