ঢাকার ডেমরায় মোটরসাইকেল ধাক্কায় ডালিমুন নেছা (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ডেমরার বড়ভাঙা বাইপাস রোডে রোববার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ডালিমুন নেছার ছেলে সোহরাব উদ্দিন জানান, তাদের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সুহাগপুর গ্রামে। বর্তমানে ডেমরা সারুলিয়ায় ভাড়া বাসায় থাকেন। তার মা বাসা বাড়িতে কাজ করতেন।
তিনি বলেন, রোববার রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন ডালিমুন নেছা। পথে বাসার কিছুটা দূরে বড়ভাঙ্গা মহাকাশ বাইপাস রোডে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফ জানান, মোটরসাইকেলটি শনাক্ত করা সম্ভব হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।


