সামাজিক যোগাযোগমাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরীন ইসলাম খানকে হেনস্তা করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের এক প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. কামরুল আহসানের কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দিয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।
তারা বলেন, সম্প্রতি বিতর্কিত রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তি ফেসবুকে জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন ইসলাম খানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

অধ্যাপক নাহরীন বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক, চিন্তাবিদ ও রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এ ধরনের আচরণ কেবল একজন শিক্ষকের ব্যক্তিগত মর্যাদায় আঘাত হানে না, বরং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করে সামগ্রিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত করে।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাবি ছাত্রদল দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রশাসনিক নীতিমালা প্রণয়ন এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।


