ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার পর ফের শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি নজরুল ইসলামের সমাধিসৌধে বিএনপির পক্ষ থেকে ওসমান হাদির কবর জিয়ারত কর্মসূচি দেওয়া হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য রাস্তা করে দিতে শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ।
হাদি হত্যার বিচারের দাবিতে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনটির পক্ষ থেকে আবারও শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর হাদি হত্যার বিচারের দাবিতে ‘অনির্দিষ্টকালের জন্য’ শাহবাগ মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। সন্ধ্যার পর থেকে সেখানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। রাতভর তারা শাহবাগে অবস্থান করেন।
গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় বসুন্ধরার বেসরকারি এভারকেয়ার হাসপাতালে।
পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে মারা যান ওসমান হাদি।


