ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। এতে জানানো হয়, প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বেড়েছে সোনার দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এ দাম সোমবার থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (খাঁটি সোনা) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকায়।
সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম থাকছে ৬ হাজার ২০৫ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৮০২ টাকায়।
এর আগে, গত মঙ্গলবার সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা।
সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা নির্ধারণ করা হয়।
চলতি বছরজুড়ে সোনার দামে ওঠানামা অব্যাহত রয়েছে। বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৬৫ বার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে। আগের বছর এই সংখ্যা ছিল যথাক্রমে ৩৫ ও ২৭ বার।


