মাছরাঙা টেলিভিশনে বুধবার (২৮ জানুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘রূপকথার মতো’। আব্রাহাম তামিমের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও স্পর্শিয়া।
গল্পে দেখা যাবে, নিলুর বয়স ২৮। দেখতে কিছুটা হুমায়ুন আহমেদের গল্পের রপার মতো। গোছানো এবং পরিপাটি। নিলু বাসায় বুটিকসের কাজ করে। শহরের বাড়িতে বাড়িতে কাপড় বিক্রি করে। পাশাপাশি একটা টিউশনি করে। রাস্তা ঘাটে বের হলে প্রায় বখাটেদের উত্যক্তের স্বীকার হয়। নিলু চুপচাপ এবং লাজুক বলে তেমন প্রতিবাদ করতে পারে না। নিরবে সহ্য করে যায়। নিলুর ভাই ফরিদ মালশিয়াতে থাকে। কিন্তু ভিসা জটিলতার কারনে বেশ কিছুদিন জেল বন্দী। ভাইয়ের এই বিপদের কারনে নিলু একাই তাদের সংসার সামলাচ্ছে। হুট করে বাসায় একটা চিঠি আসে। চিঠিটা তার ভাই ফরিদের। সে জানিয়েছে, তার কাছের বন্ধু হাসান নামে একজন মেহমান আসবে বেড়াতে। মাস দুই এক থাকবে। তাকে যেন যত্ন করে রাখে সবাই। হাসান আসে। নিলুকে প্রথম দেখেই প্রেমে পড়ে যায়। হাসান নিলুর জন্য একটা স্কুটি কিনে দেয় যাতে সে সহজে যাতায়াত করতে পারে। যদিও নিলু স্কুটিটা নিতে চায়নি কিন্তু হাসান নিলুকে জানায় আয় করে তাকে টাকা ফেরত দিলেই হবে। নিলু আর হাসানের দিন দিন সখ্যতা বাড়তে থাকে। নিলুকে গোপনে ভালবেসে হাসান নিলু’র একটা নামও দিয়ে দেয়। নীলিমা।
এদিকে, নিলু আর হাসানের এই মেলামেশা মহল্লার কেউ ভালো চোখে দেখছিলো না। নিলু এটা নিয়ে মহল্লার মানুষের সাথে তর্ক করে। মনে মনে নিলুও কি হাসানকে ভালোবেসে ফেলেছে! এরমধ্যে মালয়েশিয়া থেকে ফরিদ চিঠি লিখে জানায় হাসান যেন তাদের বাড়িতে থেকে নিলুর বিয়ে দিয়ে আসে। খালাতো ভাই জাবেদের সাথে নিলুর বিয়ের কথা প্রায় ঠিক হয়ে ছিলো। এখন কি করবে হাসান?


