ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার শেষে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার লালবাগ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মাদক সেবন, বহন ও চুরির অভিযোগে দায়ের করা ১৩টি মামলার শুনানি শেষে এ রায় দেওয়া করা হয়।
গত ২৪ ঘণ্টায় লালবাগ বিভাগের কামরাঙ্গিরচর, সূত্রাপুর, কোতয়ালী, লালবাগ ও বংশাল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ মোট ১৯ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে উপস্থাপন করা হলে বিচার শেষে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, একজনকে খালাস এবং একজনকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে পাঁচ জনকে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। চুরি ও চুরির চেষ্টার অভিযোগে দশ জনকে ১৫ দিন থেকে তিন মাস পর্যন্ত সাজা প্রদান করা হয়।
এ ছাড়া অবৈধভাবে জ্বালানি মজুদ রাখার দায়ে এক জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে এক জনকে দুই দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
লালবাগ বিভাগ সূত্রে জানা গেছে, মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


