আসন্ন সংসদ নির্বাচনে অনেকটা অভিনব কারণে এক স্বতন্ত্র প্রার্থীর প্রার্থীতা স্থগিত হয়ে গেছে। এক ব্যক্তির দায়ের করা রিট আবেদনে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানের প্রার্থীতা স্থগিত করেছে হাইকোর্ট।
সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার জুনায়েদ হোসেন নামে এক ব্যক্তি হাইকোর্টে এই রিট আবেদন করেন। এতে বলা হয়, সরকার গেজেট জারির মাধ্যমে কৃষক লীগ নিষিদ্ধ করেছে। স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান কৃষক লীগের সহসভাপতি জানিয়ে তার নির্বাচনী কার্যক্রমে নিষেধাজ্ঞা চাওয়া হয়। গত ১ ফেব্রুয়ারি রিট আবেদনের ওপর একপাক্ষিক শুনানিতে আরিফুর রহমানের প্রার্থীতা স্থগিত করে আদালত।
প্রসঙ্গত, আরিফুর রহমান প্রায় দুই বছর ধরে কৃষক লীগ, আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো পদে নেই।
এছাড়া অন্তর্বর্তী সরকারের গেজেটে কৃষক লীগ নিষিদ্ধ করা হলেও কোনো ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়নি।
আরিফুর রহমান জানান, ফরিদপুর-১ আসনের নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করায় জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষ থেকে অনৈতিক উপায়ে তার প্রার্থীতা বাতিলের চেষ্টা হচ্ছে। রিট আবেদনকারী জামায়াতে ইসলামীর রোকন বলেও দাবি করেন স্থগিত হওয়া স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান।
তিনি অভিযোগ করেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করার জন্য তিনি লিখিত আদেশের কপি চাইলেও তাকে তা দেওয়া হচ্ছে না।


