ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য প্রস্তুতি চলছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হলেও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ সামনে এসেছে। এখন ফলাফল ঘোষণার সময় নির্ধারণ করা হয়নি। তবে ইতোমধ্যে গণমাধ্যম কর্মী, প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্টরা সিনেট ভবনে জড়ো হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পায়। সন্ধ্যার পর খেকে ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে। এর পরিপ্রেক্ষিতে শাহবাগ, নীলক্ষেতসহ ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।
এ ছাড়া, নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকাল থেকে বিএনপি, জামায়াত এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের আশপাশে জড়ো হতে থাকেন। এ পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং জলকামানসহ বিভিন্ন ধরনের যানবাহনও প্রস্তুত রাখা হয়েছে।
দোয়েল চত্বর, নিউমার্কেট, নীলক্ষেত ও শাহবাগ এলাকায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর নজর রাখছে এবং সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, ‘ডাকসু নির্বাচনের ফল ঘোষণার পরেও পরিস্থিতি শান্ত রাখতে বিজিবি সতর্ক অবস্থানে থাকবে।’
রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেছেন,’ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের অবস্থান দেখা গেছে। তবে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এখন ভোট গণনার কাজ চলছে।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নির্বাচনের ফলাফল ঘোষণার আগে ক্যাম্পাসে অযথা ভিড় না করতে জনসাধারণকে অনুরোধ করেছে।


