জাতীয় নিরাপত্তা এবং নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হওয়ায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০ অনুযায়ী বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দর থেকে নেওয়ার সময় কছু ইলেকট্রনিক মিডিয়া বিনা অনুমতিতে বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন করে ছবি নেয়। এ সময় তিনজন উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এ ধরনের উড্ডয়ন বিমান চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে উল্লেখ করে বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সাধারণ জনগণকে ড্রোন উড্ডয়ন না করার জন্য অনুরোধও জানানো হয় বিজ্ঞপ্তিতে।


