কক্সবাজারে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
কক্সবাজারের রামুতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাকবলিত যান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

সোমবার বিকাল পৌনে ৩টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের মধ্যম খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার জাফর আলমের দুই মেয়ে শাহনাজ বেগম (৪০) ও রুবিন বেগম (৪২)। নিহত অপর পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত দুজন অটোরিকশার যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে দুইজন নিহত হন এবং চালকসহ তিনজন আহত হন।’

আরও পড়ুন

তিনি বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও তার সহকারী পালিয়ে যান। তবে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।

নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক সুকান্ত চক্রবর্তী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad