আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেছেন। সম্প্রতি তিনি পদত্যাগপত্র জমা দিলে রোববার চিফ প্রসিকিউটর সেটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন। সাইমুম রেজা নিজেই টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ এ বিষয়ে আদেশ জারি করেছে। তাতে বলা হয়, প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় ২০২৪ সালের ৭ অক্টোবর সাইমুম রেজা প্রসিকিউটর পদে নিয়োগ পান।
নতুন নিয়োগ দুইজন
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে মামলা পরিচালনার জন্য দুইজন আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মার্জিনা রায়হান মদিনা ও জহিরুল আমিন।
সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা হয়, মার্জিনা রায়হান মদিনা ও জহিরুল আমিনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো।


