সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলে যাওয়ার পথে মাটিবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন (৪২) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
সোমবার সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিনা খাতুন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাবিনা খাতুন ব্যাটারিচালিত অটোভ্যানে করে স্কুলে যাচ্ছিলেন। পথে বকুলতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাটিবাহী ডাম্প ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান সাবিনা খাতুন।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি। ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত ট্রাকটিও আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


