অন্তর্বর্তী সরকারের আমলে দেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে প্রধান উপদেষ্টার করা মন্তব্যে গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেখানে অধিবেশনের ফাঁকে সোমবার ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিক মেহেদি হাসানের গণমাধ্যম জেটিওতে সাক্ষাৎকার দেন তিনি।
এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে হিন্দুবিরোধী কোনো সহিংসতা নেই।
তার এই বক্তব্যের মাধ্যমে সত্যকে অস্বীকার করা হয়েছে বলে মনে করে ঐক্যজোট।
প্রধান উপদেষ্টার বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাঠানো বিবৃতিতে ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘২০২৪ সালের ১৩ আগস্ট যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নেতাদের মধ্যে অনুষ্ঠিত এক মতবিনিময়ে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর চলমান সংঘটিত সহিংসতার চিত্র তুলে ধরে অনতিবিলম্বে তা বন্ধের জোর দাবি জানানো হয়। এছাড়া গত ১২ ফেব্রুয়ারি জাতিসংঘ তথ্যানুসন্ধান কমিশনের রিপোর্টেও ২০২৪ সালের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে চলমান হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের তথ্য উল্লেখিত রয়েছে, যা আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অব্যাহত।’


