ময়মনসিংহের সদর উপজেলায় সিএনজি অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম এবং শিপা আক্তার (৩২)। সারোয়ার কাইয়ুম জেলার ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা। শিপা আক্তার ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে কাইয়ুম নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শিপা নামে এক নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, আহতদের হাসপাতালে আনা হলে শিপাকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মো. খালিদ হাসান বলেন, সিএনজি-লরি সংঘর্ষে নারীসহ দুজন মারা গেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


