প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।
সাক্ষাতে আইএমএফের স্থগিত থাকা ঋণ কর্মসূচির দুটি কিস্তি ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, শর্ত বাস্তবায়নে অগ্রগতি হলে বাংলাদেশ শিগগিরই প্রায় ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার পেতে পারে।
মঙ্গলবার সকালে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
কভিড-১৯ মহামারি ও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে ৪ দশমিক ৭০ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ। পরে সেই ঋণের মেয়াদ বাড়িয়ে মোট পরিমাণ দাঁড়ায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে। এসব ঋণের মধ্যে এখন পর্যন্ত ৩ দশমিক ৬৪ বিলিয়ন ডলার ছাড় হয়েছে। বাকি রয়েছে প্রায় ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।
ডিসেম্বরে এই ঋণের একটি কিস্তি ছাড় হওয়ার কথা থাকলেও পরে আইএমএফ জানায়, নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনার পর তা অনুমোদন দেওয়া হবে।


