মেহেরপুরের গাংনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
উপজেলার সাহারবাটি গ্রামে সোমবার রাত সাড়ে ৮টার দিকে দবির হোসেন এবং ফরমান আলী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, ফরমান আলী গ্রুপের আসমাউল হুসনা (২৬), মুকুল হোসেন (৪৫), আসিফ হোসেন (২৫), তকুল হোসেন (৫০), শরিফুল ইসলাম (৪৩), হামিদুল ইসলাম (৫০), আইনাল হক (৬০) ও বরকত আলী (৪০) এবং দবির হোসেন গ্রুপের রিয়া খাতুন (৪০), মিঠুন আলী (৩২), উজ্জল হোসেন (৩৮), মুন্তাজ আলী (৫০), শরিফুল ইসলাম (৪৩) ও রফিকুল ইসলাম (৬০)।
আহতদের মধ্যে দবির হোসেন গ্রুপের ১৫ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং অন্যদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকালে বিএনপি নেতা দবির উদ্দীন ও তার লোকজন আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলীর বাবা-মাকে মারধর করে আহত করে। সাহারবাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফরমান আলী তাতে প্রতিবাদ জানান।
এ সময় দবির উদ্দীনের লোকজন ফরমান আলীকেও মারধর করে। এ ঘটনার জের ধরে রাতে ফরমান আলী ও দবির উদ্দীনের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে কিছু মানুষ আহত হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখন সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।


