যশোর-মাগুরা মহাসড়কে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেটকার আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার রাত ২টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মণিরামপুর উপজেলার ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া (জনি), তার বাবা মজিদ সরদার এবং তার শিশুকন্যা শেহেরিশ। গুরুতর আহত অবস্থায় জনির স্ত্রী, ছেলে ও মাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে প্রাইভেটকারে তারা নিজেদের গন্তব্যে ফিরছিল। রাত ২টার দিকে গাইদঘাট এলাকায় পৌঁছালে চালক হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির গাড়িটি রাস্তার পাশের একটি বড় বটগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অতিরিক্ত গতি অথবা চালকের তন্দ্রাচ্ছন্নতার কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।


