যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন/ নিষ্ঠুর, অশালীন আচরণ করছেন ট্রাম্প ও তার মিত্ররা: ওবামা

নিষ্ঠুর, অশালীন আচরণ করছেন ট্রাম্প ও তার মিত্ররা: ওবামা
ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে প্রচারে নেমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান মিত্রদের সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার ওহাইও ও মিশিগানে নির্বাচনী সমাবেশে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে ব্যর্থতার অভিযোগ তোলেন।

ওহাইওতে রিপাবলিকান গভর্নর প্রার্থী বিবেক রামাসোয়ামীর একটি নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে সমালোচনা করেন ওবামা। বিজ্ঞাপনটিতে দেখা যায়, ডেমোক্র্যাট প্রার্থী এমি অ্যাকটনের মা ডোনা আর্থার অ্যাকটনকে ‘মিথ্যাবাদী’ বলছেন এবং তার মানসিক স্বাস্থ্য ভালো না থাকার ইঙ্গিত দিয়েছেন।

তবে ওবামার দাবি, ডেমক্র্যাট অ্যাকটনকে চাপে ফেলতেই ডোনা আর্থারকে দিয়ে এসব কথা বলানো হয়েছে। সম্প্রতি নির্বাচনী প্রচারে শৈশবে নির্যাতন, অবহেলা ও গৃহহীনতার অভিজ্ঞতার কথা জানান অ্যাকটন।

ওবামা বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে দেখা গেছে, রামাসোয়ামী এমন কোনো সীমা রাখেননি, যা তিনি অতিক্রম করবেন না।’ অ্যাকটনের শৈশবের কষ্টকর অভিজ্ঞতাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করারও সমালোচনা করেন তিনি।

অ্যাকটন বলেন, ‘নিজের নির্বাচনী প্রচার বাঁচাতে প্রতিদ্বন্দ্বী তার শৈশবকে ইচ্ছাকৃতভাবে কাজে লাগিয়েছেন।’ তবে এতে সফল হওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘শালীনতা এখনো গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন

অন্যদিকে ফ্লোরিডায় শনিবার ভোট দেওয়ার পর রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই বিজ্ঞাপনটির পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, অ্যাকটনের জন্মদাতা মা যেহেতু তাকে মিথ্যাবাদী বলেছেন, তাই তার চেয়ে ভালো সূত্র আর হতে পারে না।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, ওহাইওতে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার পরে মিশিগানের ডেট্রয়েটে এক সমাবেশে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদের পক্ষেও কথা বলেন ওবামা। এল-সাইয়েদকে ‘উগ্রপন্থী’ আখ্যা দেওয়া এবং তার নাম ও ধর্মকে কেন্দ্র করে সমালোচনার জবাবে ওবামা বলেন, ‘আবদুলের মূল্যবোধ আমার মতোই।’

নিজের নির্বাচনী প্রচারের সময়ও একই ধরনের ধর্মীয় আক্রমণের শিকার হয়েছিলেন উল্লেখ করে ওবামা বলেন, ‘এ ধরনের ঘটনা আমরা আগেও দেখেছি। আমি নিজেই এর শিকার হয়েছি।’

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওবামা ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য এবং সাধারণ কর্মজীবী মানুষের সমস্যা উপেক্ষার অভিযোগ করেন। তিনি বলেন, ট্রাম্পের মেয়াদের আরও দুই বছর বাকি থাকলেও ভোটাররা কংগ্রেস ও অঙ্গরাজ্যগুলোর নেতৃত্বে পরিবর্তনের সুযোগ পাবেন।

মিশিগান ও ওহাইও, দুই অঙ্গরাজ্যেই সিনেট ও গভর্নর পদ ঘিরে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন বাড়াতে প্রচারে নেমেছেন ওবামা। আগামী সপ্তাহে জর্জিয়ায়ও একটি নির্বাচনী সমাবেশে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad