দ্বিপাক্ষিক টানাপোড়েনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে ঢাকা।
প্রয়োজনীয় কূটনৈতিক প্রস্তুতি ও পরিবেশ অনুকূলে থাকলে শিগগির এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সরকার।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন ইঙ্গিত দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
প্রধানমন্ত্রী কি ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে নাকি দ্বিপাক্ষিক সফরে ভারতে যাবেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ব্রিকস সম্মেলনের এখনো বেশ কিছুদিন বাকি রয়েছে।
‘ব্রিকস সম্মেলনের তো অনেক দেরি। এক মাসেই অনেক কিছু হয়ে যেতে পারে,’ যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘সরকার ব্যস্ত, প্রধানমন্ত্রীও ব্যস্ত। যদি সবকিছুর ঠিক থাকে ও সবকিছু মিলে যায়, তবে অবশ্যই ভারত সফর হবে।’
শামা ওবায়েদ জানান, বাংলাদেশ সব দেশের সঙ্গেই ইতিবাচকভাবে কাজ করতে আগ্রহী। তবে যেকোনো সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়সূচি এবং ঢাকা ও নতুন দিল্লির মধ্যকার আলোচনা অগ্রগতির ওপর নির্ভর করবে।
দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান উত্তেজনা কমাতে সহায়ক হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক অমীমাংসিত অনেক সমস্যার সমাধানের সুযোগ তৈরি করে।’
তিনি আরও বলেন, ‘যেকোনো সময় দুই দেশের সরকারপ্রধান কথা বললে, দ্বিপাক্ষিক আলোচনা হলে অনেক সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয়। সেই সুযোগটি এখনো রয়েছে এবং ভারতেরও এই সুযোগটির সঠিক ব্যবহার করা উচিত।’


