হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হজযাত্রীরা। শনিবার সকালে প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রীর দেশে ফেরেন।
ফিরে আসা হাজিদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে অভ্যর্থনা জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ।
এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপব্যবস্থাপনা পরিচালক ও উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মইন উদ্দিন আহমেদ, গ্রাহক সেবা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মহিউদ্দিন আহমেদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ নম্বর ফ্লাইটটি প্রথম ফিরতি হজযাত্রী বহন করে শনিবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সৌদির স্থানীয় সময় রাত ১২ টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্রথম ফিরতি ফ্লাইট।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে পাঁচ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন। চলতি হজ মৌসুমে ফিরতি ফ্লাইট কার্যক্রম ১ জুলাই পর্যন্ত চলবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধাপে ধাপে আগামী কয়েক সপ্তাহে আরও হাজার হাজার হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরবেন।
এ বছর হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছিল ১৭ এপ্রিল রাতে। এরপর ২১ মে পর্যন্ত বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় বিমান।
এবার এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হজযাত্রী পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় কোনো ধরনের সূচি বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।


