মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নতুনবাজার এলাকায় একটি কলার দোকানে হঠাৎ সাপের উপস্থিতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার শ্রীমঙ্গল নতুনবাজারের ২য় তলায় অনন্ত দেবনাথের কলার দোকানে কলার ছড়ির সঙ্গে একটি সাপ দেখতে পেয়ে দোকানজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দোকানের কর্মচারী ও উপস্থিত লোকজন সাপটি দেখতে পেয়ে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান। পরে মোহাম্মদ আব্দুল করিম মিয়া নামে এক ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
প্রথমদিকে ব্যাপক খোঁজাখুঁজির পরও সাপটির অবস্থান শনাক্ত করা যাচ্ছিল না। এতে দোকানজুড়ে উদ্বেগ আরও বাড়ে। পরে প্রায় ২০ মিনিটের চেষ্টার পর দোকানের মালিক অনন্ত দেবনাথের সিন্ধুকের নিচে লুকিয়ে থাকা সাপটিকে শনাক্ত করা হয়।
উদ্ধারকারীরা জানান, সাপটি ছিল সবুজ ফণিমনসা (Boiga cyanea)। এটি বৃক্ষবাসী ও মৃদু বিষধর সাপ, যার উজ্জ্বল সবুজ বর্ণ সহজেই সবার দৃষ্টি কাড়ে। সাধারণত বনাঞ্চল ও গাছে বসবাসকারী এ প্রজাতির সাপ খাদ্য কিংবা নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসতে পারে।
পরে অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের ভাষ্য, ব্যস্ত বাজারের একটি দোকানে এমন বিরল সবুজ সাপের উপস্থিতি প্রথমে আতঙ্ক তৈরি করলেও দ্রুত উদ্ধার অভিযানে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাটি নতুনবাজার এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।


