শুক্রবার (৫ জুন) সকাল থেকেই গুঞ্জন ছিল বুবলি দ্বিতীয় বারের মত মা হয়েছেন। গুঞ্জনটি আরও জোরালো হয় কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।
সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে একটি ছবি পোস্ট করে অ্যাডলফ খান লেখেন, ‘মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।’ এরপর থেকেই নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে মন্তব্যের ঘরে শুভেচ্ছাও জানাতে থাকেন।
তবে বিষয়টি আর গুঞ্জনের পর্যায়ে নেই। বুবলি নিজেই এক ফেসবুক পোস্টের মাধ্যমে মাতৃত্বের খবরটি নিশ্চিত করেছেন। একটি ফটোকার্ড শেয়ার করে বুবলি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে।
এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।‘
তিনি কন্যার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ফটোকার্ড থেকে জানা গেছে, বুবলি-শাকিবের কন্যার নাম শার্লিন খান। জন্ম তারিখ ১১ মে। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শার্লিনের জন্ম হয়েছে।
উল্লেখ্য, শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।


