রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল দক্ষিণপাড়ার ইনুপট্টি এলাকায় পাঁচ বছর আগে ১২ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় মোহাম্মদ বাচ্চু (৩০) নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোহাম্মদ গোলাম কবিরের আদালত এ রায় দেন। আসামির উপস্থিতিতে রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়েছে। আসামি বাচ্চু শেরপুর জেলা সদরের পরবাড়ীয়া গ্রামের বাসিন্দা।
মামলায় জানা যায়, ভুক্তভোগী শিশুটি ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইলের ইনুপট্টি এলাকায় মা-বাবার সঙ্গে ভাড়াবাসায় থাকত। মামলার ২নং আসামি আব্দুল গাফফার ভাড়াবাসার বাড়িওয়ালার ম্যানেজার ছিল। সে ও তার বন্ধু মোহাম্মদ বাচ্চু প্রায়ই ভুক্তভোগী শিশুকে উত্যক্ত করত ও কুপ্রস্তাব দিত। শিশুটির মা বারবার নিষেধ করলেও আসামিরা তাতে কর্ণপাত করেনি। পরে ২০২০ সালের ১৬ অক্টোবর ভুক্তভোগী শিশুটির মা-বাবা বাসার বাইরে থাকার সুযোগে আসামি আব্দুল গাফফারের সহায়তায় বাচ্চু ভুক্তভোগী শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকিও দেন তিনি। তবে, ঘটনার ১৪ দিন পর শিশুটি তার বাবা-মাকে সবকিছু খুলে বলেন।
এরপর ১ নভেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুর মা। পরে মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শক তাসলিমা আক্তার।
মামলার বিচার চলাকালে অভিযোগপত্রভুক্ত ১৪ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।


