পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকাকে একটি ব্রাউন শহর থেকে সবুজ ও স্মার্ট নগরীতে রূপান্তর করতে হলে কার্যকর স্যুয়ারেজ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। এজন্য প্রতিটি ভবনে সেপটিক ট্যাংক বা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন বাধ্যতামূলক করতে হবে।
তিনি বলেন, ‘ঢাকার হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসটিপি স্থাপন কোনোভাবেই কঠিন কাজ নয়।’
বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘নির্মিত ও নির্মাণাধীন ভবনসমূহে সেপটিক ট্যাংক ও এসটিপি স্থাপন’ বিষয়ক অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘রাজধানীর নদী ও খাল দূষণমুক্ত করা কঠিন হলেও অসম্ভব নয়। এজন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে এবং উৎস থেকেই বর্জ্য ফেলার প্রবণতা বন্ধ করতে হবে।’ শুধু ড্রেজিং করে বা দায় এড়িয়ে সমস্যার সমাধান সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
সভায় তিনি দীর্ঘমেয়াদি ভিশন, কার্যকর গভর্নেন্স এবং আইনগত সংস্কারের ওপর গুরুত্ব দেন। তিনি আশা প্রকাশ করেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আইন সংশোধন ও বাস্তবায়নের মাধ্যমে ঢাকা আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত হবে।
একই সঙ্গে তিনি নগরীর ছাদবাগান, সড়ক বিভাজকে সবুজায়ন ও পার্ক সংরক্ষণের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়নের তাগিদ দেন।
সভায় সভাপতিত্ব করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মতিন।
অনুষ্ঠানে রাজউকের সদস্য (পরিকল্পনা) মো গিয়াস উদ্দিন বক্তব্য দেন। প্রারম্ভিক উপস্থাপনা দেন রাজউকের উপনগর পরিকল্পনাবিদ সাঈদ রেজাউল হক। বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ডাইকি এক্সিস বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক রুই ওয়াসে এবং প্রধান নির্বাহী শফিকুল ইসলাম।
সভায় অংশগ্রহণকারীরা ঢাকা শহরকে টেকসই ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মতামত তুলে ধরেন।


