মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঝড়ের কবলে গরুবাহী ট্রলারডুবির ঘটনায় এক ব্যবসায়ী নিখোঁজ আছেন। সোমবার বিকাল সোয়া ৩টার দিকে কোরবানির পশুর হাঁটে বিক্রির জন্য ২৮টি গরু নিয়ে কেরানীগঞ্জ যাওয়ার জন্য ১৫ ব্যাবসায়ী ট্রলার ভাড়া করেন।
লৌহজং এলাকায় পদ্মা নদীতে সেতুর ১৫ নং পিলারের কাছে পৌঁছালে ঝড়ো বাতাসে ও প্রবল ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ১৪ ব্যবসায়ী ও পাঁচটি গরু সাঁতরে তীরে উঠলেও এক ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যায়নি। একইসঙ্গে নদীতে হারিয়ে যায় ২৩টি গরু।
নিখোঁজ ব্যবসায়ী আইয়ুব আলী (৪৫) ফরিদপুরের চরভদ্রাসন এলাকার সালিপুর গ্রামের বাসিন্দা।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোহাম্মদ ইলিয়াস এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘ফরিদপুরের চর ভদ্রাসন এলাকা থেকে ১৫ জন পাইকার ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার হাটে বিক্রি করতে যাচ্ছিল। হঠাৎ তারা কালবৈশাখীর কবলে পড়েন। এসময় ঝড়ের কবলে ট্রলারটি পদ্মায় ডুবে যায়।’
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে লৌহজং ফায়ার সার্ভিসের ডুবুরিসহ একটি ইউনিট নদীতে উদ্ধার অভিযান চালিয়েছে। কিন্ত তীব্র স্রোত থাকায় কাজে বেগ পেতে হয় তাদের। নিখোঁজ গরু ব্যবসায়ীর খোঁজে মঙ্গলবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলটি পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করার কথা রয়েছে।’


