মিয়ানমার থেকে পালিয়ে আসা সরকারি বাহিনীর ৩ সদস্য আটক

মিয়ানমার থেকে পালিয়ে আসা সরকারি বাহিনীর ৩ সদস্য আটক
Advertisement
Advertisement

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) জিম্মিদশা থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন মিয়ানমারের সরকারি বাহিনীর তিন সদস্য। তাদের মধ্যে দুইজন মিয়ানমার পুলিশের সদস্য এবং একজন দেশটির সেনাবাহিনীর সদস্য।

সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে। পরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি আটক তিনজনকে টেকনাফ থানায় হস্তান্তর করে। আটককৃতরা হলেন, বেইন ডে টেট (৩৮), ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার রাতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদী সীমান্ত দিয়ে পানির জারের সাহায্যে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করে মিয়ানমারের সরকারি বাহিনীর তিন সদস্য। সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের দেখতে পেয়ে আটক করেন।’

আরও পড়ুন

ওসি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমার পুলিশের দুই সদস্য ও সেনাবাহিনীর একজন সদস্য বলে পরিচয় দিয়েছে। তারা জানিয়েছে, প্রায় দুই বছর আগে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর থেকে স্থানীয় কাউয়ারবিল ক্যাম্পে জিম্মি অবস্থায় ছিল। পরে বিশেষ কৌশলে ওই ক্যাম্প থেকে পালিয়ে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয়।’

তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাতে বিজিবি তাদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, আটক তিনজনের পরিচয় ও দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি মিয়ানমারের চলমান সংঘাতের প্রেক্ষাপটে সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে বিজিবি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad