প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সরকারের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কার্যক্রম মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কার্যক্রম নিয়মিত মূল্যায়ন করা উচিত। প্রশিক্ষণের মান ও ধরন অনুযায়ী প্রতিটি কেন্দ্রকে র্যাংকিং করা হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।’
বুধবার জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি এ সভায় সভাপতিত্ব করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘একটি স্বাধীন ইউনিট গঠন করতে হবে, যা গবেষণা প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না তা পদ্ধতিগতভাবে মূল্যায়ন করবে।’
সভায় সিদ্ধান্ত হয়েছে, ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ছয় মাসের পরিবর্তে চার মাস নির্ধারণ করা হবে। এর মধ্যে তিন মাস প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এবং এক মাস মাঠপর্যায়ে ওরিয়েন্টেশন ও গ্রাম সংযুক্তি অন্তর্ভুক্ত থাকবে।
এ ছাড়া, কর্মকর্তাদের মাস্টার্স এবং পিএইচডি কোর্সে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর থেকে ৪৭ বছর নির্ধারণ করা হয়েছে। পিএইচডি কোর্সে অধ্যয়নকালীন প্রতি বছর তত্ত্বাবধায়কের কাছ থেকে অগ্রগতি সংক্রান্ত প্রত্যয়ন গ্রহণ করে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। তা না হলে কর্মকর্তাদের বেতন বন্ধ রাখা হবে।
সভায় সঞ্জীবনী প্রশিক্ষণের নাম পরিবর্তন করে ‘দক্ষতা নবায়ন প্রশিক্ষণ’ রাখা হয়েছে, যা হালনাগাদকৃত কারিকুলামে মাঠপর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হবে।
এ সভায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে একটি নির্বাহী কমিটি (ইসিএনটিসি) গঠন করা হয়।


