ঝালকাঠির নলছিটি উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নিয়েছেন রাকিবুল ইসলাম নামে এক ছাত্রলীগ নেতা। পরিবার জানায়, তিনি একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর এলাকায় পারিবারিক কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাকিবুলের বাবা মোশাররফ জোমাদ্দারের মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন করা হয়। পরে প্রশাসনের অনুমোদনক্রমে স্বল্প সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
জানাজায় পুলিশি পাহারায় অংশ নেন রাকিবুল ইসলাম। এ সময় তার আত্মীয়-স্বজনসহ উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম জোমাদ্দার (২৫)।
নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার বলেন, ‘রাকিবের বাবার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পিতার মৃত্যু যে কোনো সন্তানের জন্য অত্যন্ত কষ্টের। প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় অংশ নিতে যাওয়া আরও বেদনাদায়ক। আমরা রাকিব ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার ধৈর্য কামনা করি।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতি নিয়ে রাকিবুল ইসলামকে পুলিশ পাহারায় জানাজায় নেওয়া হয়। দাফন কার্যক্রম শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।


