ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শুক্রবার রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা।
তিনি উল্লেখ করেন, মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেখানে যেখানে অনিয়ম বা জটিলতা রয়েছে, সেসব ক্ষেত্রে সংশোধনের নির্দেশনা দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
তিনি আরো বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একক সেবাকেন্দ্র বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে ও কম সময়ে কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন।
এছাড়া রাজশাহীবাসীর প্রত্যাশা পূরণে কর্মসংস্থান সৃষ্টিতে আইটি সেক্টরসহ শিল্প ঘন পরিবেশ সৃষ্টি করা হবে।


