ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান-এর সঙ্গে আবারও জুটি বাঁধছেন সাবিলা নূর। গত বছরের ‘তাণ্ডব’-এ এই জুটির রসায়ন দর্শকের নজর কাড়ার পর এবার আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা মিউজিক্যাল-রোমান্টিক ছবি ‘রকস্টার’-এও একসঙ্গে দেখা যাবে তাদের।
দীর্ঘদিন আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত প্রথম পোস্টার সেই জল্পনার অবসান ঘটিয়েছে। সবুজে ঘেরা প্রকৃতির মাঝে রোমান্টিক আবহে ধরা দিয়েছেন শাকিব-সাবিলা—কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা, আর সেই মুহূর্তে ডুবে থাকা শাকিবের অভিব্যক্তি তৈরি করেছে এক আবেগঘন সিনেমাটিক ফ্রেম।
পোস্টারের ক্যাপশনে যুক্ত করা হয়েছে গানের লাইন—“জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে…”, যা ইঙ্গিত দিচ্ছে ছবিতে সংগীতের গুরুত্বের দিকেও।
‘মনপুরা’ ও ‘হাওয়া’-এর মতো প্রশংসিত কাজের প্রযোজনা প্রতিষ্ঠান সান কমিউনিকেশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘রকস্টার’। পরিচালনায় রয়েছেন আজমান রুশো।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, ছবিতে একেবারে ভিন্ন ধাঁচের ‘রকস্টার’ রূপে হাজির হবেন শাকিব খান—একজন রক মিউজিশিয়ান, যিনি নিজেই গান লেখেন এবং সুর করেন। চরিত্রটি ফুটিয়ে তুলতে শুটিংয়ের আগে গিটার বাজানোর অনুশীলনও করেছেন তিনি।
গত মাসে মালয়েশিয়ায় শুটিং শুরু হওয়ার পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে চলছে কাজ। ইতোমধ্যে অর্ধেকের বেশি দৃশ্যধারণ শেষ হয়েছে, আর মে মাসের প্রথম সপ্তাহে ক্যামেরা ক্লোজ হওয়ার কথা রয়েছে।
শাকিব-সাবিলা নূরের পাশাপাশি এ ছবিতে দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকে। চিত্রনাট্য লিখেছেন ‘কাইজার’খ্যাত আয়মান আসিব স্বাধীন।


