পাকিস্তানের পেশাওয়ারে আফগান সীমান্তের কাছাকাছি একটি সামরিক কনভয়ে ইসলামিক জঙ্গিরা বুধবার হামলা চালিয়ে নয়জন সেনা সদস্য এবং দুই কর্মকর্তাকে হত্যা করেছে।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাতত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাকিস্তানি তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রাস্তার পাশে রাখা বোমা কনভয়ে আঘাত হানার পর বিপুল সংখ্যক জঙ্গি কুররাম জেলার উত্তরে বন্দুক হামলা চালায়।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনারা ওই অভিযানে নিহত হন। একই সময় অভিযানে ওরাকজাই জেলার সংলগ্ন এলাকায় ১৯ জন ইসলামিক জঙ্গিও নিহত হয়েছে।
এর আগে, মঙ্গলবারই পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ‘জাফর এক্সপ্রেস’ ট্রেনে শক্তিশালী বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হন। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। সিন্ধু-বালুচিস্তান সীমান্তের কাছে সুলতানকোট এলাকায় ওই হামলা চালানো হয়।
বেলুচিস্তান পোস্ট জানিয়েছে, পাকিস্তান কর্তৃপক্ষ এক সেনার মৃত্যুর এবং একজন কর্মকর্তার আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সংগঠনের মুখপাত্র গওহরাম বালুচ বেলুচিস্তান পোস্টকে জানিয়েছেন, তাদের যোদ্ধারা সকাল ৯টার দিকে ওশুকের পাথক এলাকায় চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর রুটে তিনটি সামরিক যান লক্ষ্য করে আক্রমণ করে।
তিনি দাবি করেন, সেখানে চারজন পাকিস্তানি সেনা ‘ঘটনাস্থলেই নির্মূল’ হয়েছে, একজন কর্মকর্তাসহ দু’জন আহত হয়েছেন। আক্রমণের পর যোদ্ধারা নিরাপদে সরে গেছেন বলেও দাবি তার।
গত মার্চ মাস থেকে বিএলএফ-এর ধারাবাহিক হামলার অংশ হিসেবে ‘জাফর এক্সপ্রেসে’ ওই হামলা চালানো হলো। বিস্ফোরণটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) দ্বারা ঘটানো হয়, যা ট্র্যাকের উপর পুঁতে রাখা হয়েছিল। এরফলে কোয়েটা গামী ওই যাত্রীবাহী ট্রেনের অন্তত ছয়টি কোচ লাইনচ্যুত হয়।


