সিরাজগঞ্জে পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ব্যবসায়ীদের কাছে অর্থ দাবি ও প্রতারণা করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শেরপুর থানার কৃষ্ণপুর নামাপাড়া এলাকার আমজাদের ছেলে সোহেল মিয়া (৩৪), একই থানার খানপুর এলাকার মৃত রমজান আকন্দের ছেলে বাদশা আকন্দ (৫০) এবং খানপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. রিপন (২২)।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘০১৮৮৫৩৫২৫৬৪ ও ০১৯৯৮১০০৮৭৬ নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে তারা শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীদের কাছে নিজেদের পুলিশ সুপার পরিচয় দিয়ে ঈদ উপলক্ষে সম্মানী দাবি করতেন। বিষয়টি জানার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড ও একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তার নাম-ছবি ব্যবহার করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে অর্থ দাবি এবং প্রতারণা করে আসছেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


