চট্টগ্রামে তারেক রহমানের আগমন কেবল একটি রাজনৈতিক জনসমাবেশে সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে সোমবার রাতে নগরীর মেহেদীবাগে আয়োজিত প্রস্তুতি বৈঠকে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি সবার নেতা। তাকে দেখতে এবং তার বক্তব্য শুনতে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত হবে। এ কারণে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ আয়োজন সম্পন্ন করতে চাই। এতে সবার সহযোগিতা প্রয়োজন।’
চট্টগ্রাম-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন স্তরের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিএনপি জানায়, বৈঠকে তারেক রহমানের আগমন উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতি, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
সিলেট সফর শেষ করে আগামী ২৪ জানুয়ারি চট্টগ্রামে যাবেন তারেক রহমান। পরদিন ২৫ জানুয়ারি নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।


