ঝালকাঠির নতুন চর এলাকায় নিখোঁজের আট ঘণ্টা পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নিলুফা ইয়াসমিন।
মঙ্গলবার ভোরে ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট সংলগ্ন নতুন চর সুগন্ধা নদীর ঘাট থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পরিবার ও এলাকাবাসীর ধারণা, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে এশার নামাজ শেষে প্রতিবেশীর বাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন নিলুফা ইয়াসমিন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে মঙ্গলবার ভোরে বাড়ির সামনের সুগন্ধা নদীর ঘাট এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্বজন ও স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহত নারীর কানে থাকা সোনার দুল ও নাকফুল মরদেহের সঙ্গে পাওয়া যায়নি। এছাড়া তার নাকে রক্তের দাগ দেখা যায়। এসব আলামতের ভিত্তিতে স্বজন ও এলাকাবাসীর ধারণা, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. বেলায়েত হোসেন বলেন, ঘটনার বিষয়ে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


